ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে ফৌজদারি বা অন্য কোনো ধরনের মামলা করা যায় না। তিনি বলেন, দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন এবং এ বিষয়ে আইনে সুস্পষ্ট বিধান রয়েছে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময়েও তার সহযোগিতা পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইনে নির্ধারিত যেসব সুযোগ-সুবিধা রয়েছে, তিনি সেগুলো পাবেন। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র সংবিধানসম্মত প্রক্রিয়ায় স্পিকার গ্রহণ করেছেন। তাই এ বিষয়ে আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দল বা ব্যক্তিরা সমালোচনা বা অভিযোগ তুলতে পারেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। তবে সরকার এসব অভিযোগে এমন কোনো তথ্য দেখছে না, যা বিশেষভাবে আমলে নেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ‘প্রিভিলেজড’ এবং দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি অপরাধসহ অন্য কোনো বিষয়ে মামলা করা যায় না। তবে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং যে কেউ নিজের মতামত প্রকাশ করতে পারেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লন্ডনে অবস্থানকালে সাবেক রাষ্ট্রপতির ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তবে সরকারের কাছে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ নেই। তিনি মন্তব্য করেন, বর্তমান প্রযুক্তির যুগে যোগাযোগের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না; ইন্টারনেটের মাধ্যমে যেকোনো স্থান থেকেই যোগাযোগ সম্ভব।
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি সে সময় কোনো অভিযোগ থেকে থাকে, তবে তা সংশ্লিষ্ট সময়ের আইনগত প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি হবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!