যুক্তরাষ্ট্র   রবিবার ২ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩

বাজারে ফের অস্বস্তি, ডিম ৫০ টাকা হালি, কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:২৮ PM

২৬
বাজারে ফের অস্বস্তি, ডিম ৫০ টাকা হালি, কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি

ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও বেড়েছে। ডিম, সবজি ও মসলাজাতীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের খরচের চাপ আরও বেড়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১১ ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে এক হালি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এক ডজন ডিম কিনলে দাম পড়ছে প্রায় ১৪৫ টাকা। কিছু বাজারে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে হালিপ্রতি ডিম ৪৮ টাকাতেও পাওয়া যাচ্ছে।

সবজির বাজারেও স্বস্তি নেই। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৭০ টাকা বা তার বেশি দামে। বরবটি ও বেগুনের দাম সবচেয়ে বেশি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। করলা ও কাঁকরোলের দাম ৮০ থেকে ৯০ টাকা, আর ঢ্যাঁড়স, চিচিঙ্গা, ধুন্দুল, পটোলসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

কাঁচা মরিচের বাজারে দেখা গেছে সবচেয়ে বড় অস্থিরতা। মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কমে যাওয়া ও মৌসুমি প্রভাবের কারণে এর দাম বেড়েছে।

শাকসবজির দামও আগের তুলনায় বেশি। লাউশাকের আঁটি বিক্রি হচ্ছে ৪০ টাকা, পুঁইশাক ও ডাঁটা ৩০ টাকা এবং লালশাক ও মুলাশাক ২০ টাকায়। তুলনামূলক কম দামে মিলছে কলমিশাক, যার আঁটির দাম ১০ টাকা।

এদিকে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি এবং কাঁচকলা প্রতি হালি ৩০ টাকায়। মুরগির বাজারেও দাম কমেনি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে ডিমের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। একই সময়ের তুলনায় কাঁচা মরিচের দামও কয়েকগুণ বেড়েছে।

চাল, ডাল ও অন্যান্য নিত্যপণ্যের বাজারেও রয়েছে বাড়তি চাপ। মাঝারি মানের চাল ৬০ টাকা, মিনিকেট ৭২ টাকা এবং নাজিরশাইল চাল ৮৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মসুর ডালের দাম রয়েছে প্রায় ১৫০ টাকা কেজি।

বাজার সংশ্লিষ্টদের মতে, সরবরাহ ব্যবস্থার সমস্যা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মৌসুমি প্রভাবের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সীমিত আয়ের মানুষ।

নিত্যপণ্যের বাজার বাজার পরিস্থিতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!