যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

এক দিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ PM ৬০
এক দিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম

স্বর্ণের অলংকার। ফাইল ছবি

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৭ টাকা কমিয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাট ছাড়া প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫০৭ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বাজুস নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি স্বর্ণের বাজারদর কমে যাওয়ার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণ ও রুপার অলংকারের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৬০ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামকে এক ভরি হিসেবে হিসাব করলে ভ্যাটসহ এর মূল্য প্রায় ২ লাখ ৩৫ হাজার ১৪৭ টাকা। অলংকার তৈরির ক্ষেত্রে নকশা ও কাজের ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি যুক্ত হবে।

এদিকে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ভ্যাটসহ ১৯ হাজার ২৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করেছে বাজুস। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম রাখা হয়েছে ১৩ হাজার ৫০৫ টাকা।

শুধু স্বর্ণ নয়, নতুন সিদ্ধান্তে রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের দাম ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রামের নতুন দাম ২৭৫ টাকা।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে নকশাভেদে মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

অলংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার পর ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এসব প্রক্রিয়ায় আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাজুস।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সংগঠনটির নির্ধারিত এই নতুন দর কার্যকর থাকবে।

বাজুস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!