যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে সবজির সরবরাহ কম, রাজধানীর বাজারে বাড়ল দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ AM ৩৯
বৃষ্টিতে সবজির সরবরাহ কম, রাজধানীর বাজারে বাড়ল দাম

ছবি: সংগৃহীত

কয়েক দিনের বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন বাজারে সবজির সরবরাহ কমে দাম বেড়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ১৬০ টাকা, গোল বেগুন ও গাজর ১৪০ টাকা এবং বরবটি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে পেঁপে।

বাজারে পটল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা, ধুন্দুল ও চিচিঙ্গা ৮০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং টমেটো ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। করলা ও শসার দামও ৮০ টাকা কেজি।

এ ছাড়া কচু ও মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা কেজি এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকায়।

মালিবাগ বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় আজ সবজির দাম বেশি মনে হচ্ছে। তার মতে, প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারেও দাম বেড়েছে বলে জানান তিনি। তার ধারণা, বৃষ্টি থেমে সরবরাহ স্বাভাবিক হলে সবজির দামও কমতে পারে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!