প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: সংগৃহীত
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার নতুন উন্নয়ন কাঠামো বাস্তবায়নে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (AABEA) দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিতুমীর বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার ‘থ্রি-আর’ বা পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠনের কৌশল অনুসরণ করছে। এই কাঠামোর আওতায় বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থনীতিকে আরও উৎপাদনমুখী করতে শিল্প খাতের বৈচিত্র্য বাড়ানোর ওপরও জোর দেন তিনি। তাঁর মতে, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিতুমীর। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ তৈরিতে প্রবাসী পেশাজীবীরা গুরুত্বপূর্ণ সেতুর ভূমিকা পালন করতে পারেন।
প্রবাসী বাংলাদেশিদের তরুণ প্রকৌশলী ও উদ্যোক্তাদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া, দেশীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক গবেষণা অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তরে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য আন্তর্জাতিক বিনিয়োগ ও বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতেও সহযোগিতা চান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিতুমীর বলেন, প্রবাসীদের জ্ঞান, অভিজ্ঞতা, পেশাগত যোগাযোগ ও বিশ্বাসযোগ্যতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ব্যক্তিগত সাফল্যকে দেশের বৃহত্তর অর্থনৈতিক সম্ভাবনায় কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সম্মেলনে AABEA সভাপতি প্রকৌশলী মনির জামান সভাপতিত্ব করেন। এতে মার্কিন কংগ্রেস সদস্য ডেবি ডিঙ্গেল, মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি মেগান ক্যাভানাহসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বাংলাদেশি প্রকৌশলী ও পেশাজীবীরা অংশ নেন।
ট্রিলিয়ন ডলার AABEA অর্থনীতি তিতুমীর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!