যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

এশিয়ার বাজারে আরব লাইটের দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন করল সৌদি আরামকো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ PM ৫০
এশিয়ার বাজারে আরব লাইটের দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন করল সৌদি আরামকো

ছবি:সংগৃহীত

এশিয়ার ক্রেতাদের জন্য প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো। নভেম্বরের জন্য নির্ধারিত এই দাম গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

ব্লুমবার্গের এক জরিপের বরাত দিয়ে জানা গেছে, নভেম্বর মাসে এশিয়ার ক্রেতাদের কাছে আঞ্চলিক বেঞ্চমার্কের তুলনায় প্রতি ব্যারেল আরব লাইট তেল ৫ ডলার কম দামে বিক্রি করবে আরামকো। অক্টোবরে এই ছাড় ছিল ব্যারেলপ্রতি ২ ডলার।

বাজারসংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শোধনাগারের কর্মকর্তারা অবশ্য নভেম্বরের জন্য তেলের দাম বাড়তে পারে বলে ধারণা করেছিলেন। তাঁদের প্রত্যাশার বিপরীতে সৌদি আরামকোর এই মূল্যছাড় এশিয়ার বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কয়েক মাস ধরে তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন আবার বাড়তে শুরু করেছে। এর ফলে সরবরাহ পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সৌদি আরব এশিয়ার ক্রেতাদের কাছে প্রায় ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করে। এতে সম্ভাব্য সরবরাহ ঘাটতির চাপ কিছুটা কমেছে। পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের বড় অংশের কার্যক্রমও পুনরায় চালু হয়েছে।

ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহন করা যায়। ফলে হরমুজ প্রণালি ব্যবহার না করেও বিকল্প পথে তেল রপ্তানির সুযোগ রয়েছে।

জেপি মরগানের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের অবস্থার প্রায় ৯৮ শতাংশে ফিরে এসেছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে ঝুঁকি পুরোপুরি কাটেনি। এ কারণে অনেক ক্রেতা এখনো ওই নৌপথ ব্যবহারে সতর্ক রয়েছেন।

এ পরিস্থিতিতে নভেম্বর মাসে এশিয়ার শোধনাগারগুলোকে উপসাগরীয় বন্দর ছাড়াও ইয়ানবু এবং মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের সিদি কেরির বন্দর থেকে কত পরিমাণ তেল নেওয়া হবে, সে বিষয়ে তথ্য দিতে বলেছে আরামকো।

এশিয়ার সৌদি তেলের গুরুত্বপূর্ণ ক্রেতাদের মধ্যে রয়েছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। বিশ্লেষকদের মতে, এসব বাজারে সরবরাহ ও বাজার অংশীদারত্ব ধরে রাখতে তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরামকো।

এশিয়ার বাজারে তেলের দাম এশিয়ার তেল বাজার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!