যুক্তরাষ্ট্র   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬,৭ আশ্বিন ১৪৩৩

ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলার মাথায় মিস ওয়ার্ল্ডের মুকুট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ PM | সর্বশেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ PM ৪০
ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলার মাথায় মিস ওয়ার্ল্ডের মুকুট

মিস ওয়ার্ল্ড ২০২৬ বিজয়ী জোহেইরি মোলা দোমিঙ্গেস। ছবি: সংগৃহীত

মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেসের মাথায়। শনিবার (৫ সেপ্টেম্বর) ভিয়েতনামের নিয়া ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ১১১ প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে আন্তর্জাতিক এই খেতাব জিতে নেন তিনি।

জোহেইরি মোলা এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ নির্বাচিত হয়েছিলেন। সেই সাফল্যের পথ ধরে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি শিক্ষকতা, সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে যুক্ত এই সুন্দরী।

ফাইনালের ফলাফলে স্পেনের এলিজাবেথ রেইনেস আলাবের্ন প্রথম রানার-আপ এবং মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানার-আপ হয়েছেন। গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি বিজয়ী জোহেইরি মোলার মাথায় এবারের নীল মুকুট পরিয়ে দেন।

মিস ওয়ার্ল্ডের মঞ্চে জোহেইরির অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তার সামাজিক উদ্যোগ। তিনি ‘ভয়েসেস অব টুমরো’ নামে একটি উদ্যোগের সঙ্গে যুক্ত, যার মাধ্যমে শিশু ও তরুণদের আত্মবিশ্বাস বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের সুযোগের জন্য প্রস্তুত করার বিষয়ে কাজ করা হয়।

প্রতিযোগিতার ‘বিউটি উইথ আ পারপাস’ অংশেও শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন জোহেইরি। সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শেখানোর সুযোগ বাড়ানোর কথা তুলে ধরেছেন তিনি। মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর এখন এই সামাজিক বার্তাকেই আন্তর্জাতিক পরিসরে আরও বড়ভাবে তুলে ধরার সুযোগ পেলেন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে ৪৪ বছর পর আবারও ডোমিনিকান রিপাবলিকের ঘরে মিস ওয়ার্ল্ডের মুকুট ফিরল। এর আগে ১৯৮২ সালে মেরিসেলা আলভারেজ দেশটির হয়ে প্রথমবার এই শিরোপা জিতেছিলেন।

জোহেইরি মোলার জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, ডোমিনিকান রিপাবলিকের জন্যও ঐতিহাসিক অর্জন। ১৯৮২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো দেশটির কোনো প্রতিযোগী মিস ওয়ার্ল্ডের শিরোপা পেলেন।

জোহেইরি মোলা দোমিঙ্গেস মিস ওয়ার্ল্ড ২০২৬

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!