যুক্তরাষ্ট্র   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬,৭ আশ্বিন ১৪৩৩

নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ PM
নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ছবি:সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা তদন্তাধীন রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগ রয়েছে ইমার বিরুদ্ধে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং সেই সম্পদ নিজের দখলে রাখার অভিযোগও আনা হয়েছে।

দুদক জানায়, এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ৪ জুন ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্তের সময় তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন—এমন তথ্য পাওয়ার কথা উল্লেখ করে দুদক। তদন্ত কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেন, তিনি বিদেশে চলে গেলে মামলার প্রয়োজনীয় নথি সংগ্রহ ও তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে।

এ কারণে মামলার তদন্তের স্বার্থে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

ইমা ক্লেয়ার বার্টন আদালতের নিষেধাজ্ঞা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!