‘মাইসা’ সিনেমার একটি দৃশ্যে রশ্মিকা মান্দানা; ছবি: সংগৃহীত
রশ্মিকা মান্দানার নতুন সিনেমা ‘মাইসা’র টিজার প্রকাশের পর আলোচনায় এসেছে তাঁর চরিত্র। এবার গ্ল্যামারনির্ভর কিংবা রোমান্টিক ভূমিকায় নয়, সিনেমাটিতে একজন লড়াকু নারীর চরিত্রে দেখা যাবে তাঁকে। টিজারের বিভিন্ন দৃশ্যে রশ্মিকার অ্যাকশন পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকদের।
টিজারের শুরুতেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকা রশ্মিকার চরিত্রকে আত্মসংগ্রামের কথা বলতে শোনা যায়। এরপর গল্পের গতিপথ বদলে যায় এবং সামনে আসে তাঁর শক্তিশালী প্রতিরোধের চিত্র। প্রতিপক্ষের সঙ্গে সরাসরি লড়াই থেকে শুরু করে নানা ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে অংশ নিতে দেখা গেছে অভিনেত্রীকে।
‘মাইসা’য় রশ্মিকা একজন গোন্ড আদিবাসী নারীর ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রটির জন্য তাঁকে শারীরিকভাবে কঠোর প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলে নির্মাতারা জানিয়েছেন। শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে গুরুতর ব্যথাও পেয়েছিলেন অভিনেত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় টেনডন ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয়েছিল।
প্রকাশিত টিজারে কাস্তে হাতে লড়াই করতে দেখা যায় রশ্মিকাকে। এর পাশাপাশি মোটরসাইকেল চালানো এবং পানির নিচে অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছেন তিনি। ফলে সিনেমাটিতে তাঁর চরিত্রটি যে প্রচলিত অভিনয়ধারার বাইরে, টিজারেই তার আভাস মিলেছে।
টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রশ্মিকার নতুন চরিত্র নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে তাঁর উপস্থিতি নিয়ে অনেকে প্রশংসা করেছেন। কেউ কেউ সিনেমাটিকে ঘিরে আশাবাদও প্রকাশ করেছেন।
‘মাইসা’ পরিচালনা করেছেন নবাগত নির্মাতা রবীন্দ্র পুল্লে। রশ্মিকার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন এশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।
সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শ্রেয়াস কে কৃষ্ণ। সংগীত পরিচালনা করেছেন জেকস বিজয়। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফিতে রয়েছেন আন্তর্জাতিকভাবে পরিচিত অ্যাকশন পরিচালক অ্যান্ডি লং।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘মাইসা’র। তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!