ছবি:সংগৃহীত
ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ধীরগতিতে পাইপলাইন দিয়ে তেল পাম্প করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইয়ানবু বন্দর থেকে লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে তেল রপ্তানি করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলার পর নিরাপত্তার কারণে পাইপলাইনটির মাধ্যমে তেল পরিবহন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। হামলার ফলে গুরুত্বপূর্ণ এই জ্বালানি অবকাঠামোর কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে পাইপলাইন ব্যবহার করে তেল রপ্তানি পুনরায় শুরু হতে পারে। তবে শুরুতে তেল পরিবহনের গতি সীমিত রাখা হয়েছে।
এদিকে হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ ও রপ্তানি নিয়ে উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে লোহিত সাগরের ইয়ানবু বন্দর সৌদি আরবের জন্য বিকল্প রপ্তানি পথ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এরই মধ্যে গত সপ্তাহে সৌদি উপসাগরে সাতটি সুপারট্যাংকারে তেল তোলা হয়েছে। এসব ট্যাংকারে সম্মিলিতভাবে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ড্রোন হামলা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!