ছবি:সংগৃহীত
জাপানে টাইফুন দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ এবং অন্তত ২২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের স্থানীয় সংবাদমাধ্যম ও সরকারি সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
টাইফুনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে চিবা ও কানাগাওয়া প্রিফেকচার। চিবায় তিনজন এবং কানাগাওয়ায় একজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রবল বৃষ্টির পর বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।
চিবা প্রিফেকচারে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৪৫ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল। একই এলাকায় কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় বন্যার পানিও পুরোপুরি নামেনি।
মঙ্গলবার সকালে টাইফুন দুজুয়ান জাপানের উপকূল অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের দিকে সরে যায়। এরপর দেশটির বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি ও ভূমিধসসংক্রান্ত সতর্কতা কমানো হয়।
তবে টানা বৃষ্টিতে মাটি নরম ও অতিরিক্ত ভেজা থাকায় নতুন করে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। চিবা ও কানাগাওয়ার পাশাপাশি ইজু দ্বীপপুঞ্জের কয়েকটি এলাকাতেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
টাইফুনের প্রভাব কমে এলেও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, বিদ্যুৎ পুনরুদ্ধার ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে।
জাপানে টাইফুন জাপানে বন্যা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!