যুক্তরাষ্ট্র   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬,৭ আশ্বিন ১৪৩৩

তুরস্কে স্কুলের সামনে কিশোরের গুলিতে আহত ১১ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ PM
তুরস্কে স্কুলের সামনে কিশোরের গুলিতে আহত ১১ শিক্ষার্থী

মানিসার স্কুলের সামনে গুলির ঘটনার পর নিরাপত্তা ও উদ্ধার তৎপরতা; ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের তুরগুতলুতে একটি উচ্চ বিদ্যালয়ের বাইরে গুলির ঘটনায় ১১ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ইনচি উজমেজ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক।

স্থানীয় সময় সকাল ৭টা ৫৯ মিনিটের দিকে স্কুলের আশপাশে গুলির শব্দ শোনার খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সন্দেহভাজন কিশোরকে আটক করা হয়। ঘটনাটি নিয়ে ব্যাপক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়।

তুরস্কের বিচারমন্ত্রী জানান, হামলার ঘটনায় সন্দেহভাজনের মা-বাবা ও দাদাকেও হেফাজতে নেওয়া হয়েছে। হামলায় ব্যবহৃত অস্ত্রটি কীভাবে কিশোরটির হাতে পৌঁছাল, সেটি কীভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং ঘটনার আগে তাকে হয়রানির শিকার হতে হয়েছিল কি না—এসব বিষয় তদন্তের আওতায় রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে হামলায় শটগান ব্যবহারের কথা বলা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে এক তরুণকে চলাচল করতে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর বিদ্যালয়টিতে ওই দিনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার তদন্তে স্থানীয় পরিদর্শকদের পাশাপাশি মন্ত্রণালয়ের তিনজন পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য মানসিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এই ঘটনার কয়েক মাস আগেও তুরস্কে দুটি স্কুলে গুলির ঘটনা ঘটে। এপ্রিল মাসে দক্ষিণাঞ্চলের কাহরামানমারাশে একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের গুলিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ কয়েকজন নিহত হয়। এর এক দিন আগে সানলিউরফায় আরেকটি স্কুলে গুলির ঘটনায় ১৬ জন আহত হয়েছিল। এসব ঘটনার পর দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরুর আগে তুরস্কের কর্তৃপক্ষ স্কুল নিরাপত্তা নিয়ে নতুন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল। নিরাপত্তা তদারকিতে হাজারো কর্মী নিয়োগ এবং ঝুঁকির মাত্রা অনুযায়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ মোতায়েনের উদ্যোগও নেওয়া হয়।

তুরগুতলুর সর্বশেষ ঘটনায় তদন্ত চলছে। হামলার পেছনে উদ্দেশ্য এবং অস্ত্রটি কীভাবে কিশোরটির হাতে পৌঁছেছিল, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!