যুক্তরাষ্ট্র   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬,৭ আশ্বিন ১৪৩৩

নির্ধারিত ভাড়ার বেশি নিলেই বাতিল হবে বাসের রুট পারমিট

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM
নির্ধারিত ভাড়ার বেশি নিলেই বাতিল হবে বাসের রুট পারমিট

বাসভাড়া সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম; ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তাঁর ঘোষণা অনুযায়ী, নির্ধারিত হারের চেয়ে এক পয়সাও বেশি নিলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা করা হবে। এরপর ওই পরিবহনকে নতুন করে রুট পারমিট দেওয়ার সুযোগও থাকবে না।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া সমন্বয়ের ব্যাখ্যায় শেখ রবিউল আলম বলেন, প্রচলিত হিসাব অনুযায়ী জ্বালানির দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা বাড়ে। সে হিসাবে তেলের দাম ২০ টাকা বাড়ায় ভাড়া ২০ পয়সা বাড়ানোর যৌক্তিকতা ছিল। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর সেই প্রস্তাব কমিয়ে ১৭ পয়সা করা হয়েছে।

মন্ত্রী বলেন, নতুন নির্ধারিত হারের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। বিষয়টি নিশ্চিত করতে কঠোরভাবে নজরদারি করা হবে বলেও জানান তিনি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রেলের ভাড়া যাতে না বাড়ে, সাধারণ মানুষের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সে চেষ্টা করবে বলেও জানান তিনি।

এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠক শেষে নতুন বাসভাড়ার তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পুনর্নির্ধারিত হারে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাসভাড়া সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রুট পারমিট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!