যুক্তরাষ্ট্র   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬,৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ভারতের প্রতি গভর্নরের আহ্বান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ PM
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ভারতের প্রতি গভর্নরের আহ্বান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য আনা এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ সময় গভর্নর বাংলা কিউআরের ব্যবহার আরও বিস্তৃত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন চালুর সম্ভাবনা এবং এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করার ওপর গুরুত্ব দেন। জবাবে গভর্নর জানান, বিনিয়োগকারীদের জন্য পরিবেশ উন্নত করতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের অর্থ ও অর্জিত মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন বলে জানান তিনি।

বৈঠকে বাংলাদেশে প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে ভারতের বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানানো হয়। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে এসব খাতে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈঠকে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর দীনেশ ত্রিবেদী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!