যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

সমুদ্রসৈকতে দীঘির নতুন লুক, বললেন ওজন কমানোর রহস্য

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ PM ১৪
সমুদ্রসৈকতে দীঘির নতুন লুক, বললেন ওজন কমানোর রহস্য

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে প্রকাশ করা কয়েকটি ছবিতে নতুন অবতারে দেখা গেছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে। নিজের ফিটনেসে পরিবর্তন আনতে গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছেন তিনি। তবে বর্তমান অবস্থাতেই থেমে থাকতে চান না; আরও চার কেজি ওজন কমানোর পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।

সম্প্রতি নিজের ওজন কমানোর অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দীঘি। তার ভাষ্য, হঠাৎ ওজন বেড়ে যাওয়ার পর নিজেকে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। বিশেষ করে ক্যামেরার সামনে আগের তুলনায় নিজেকে কিছুটা বেশি ভারী মনে হচ্ছিল। এরপরই খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি।

দীঘি জানান, দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছেন। এখনো আরও চার কেজি কমানোর লক্ষ্য রয়েছে। এ জন্য খাবারের তালিকা থেকে কার্বোহাইড্রেট প্রায় বাদ দিয়েছেন তিনি। একসময় নিয়মিত ভাত খাওয়া তার অভ্যাসের অংশ থাকলেও গত দুই মাসে সেই অভ্যাস অনেকটাই বদলে গেছে। বর্তমানে সপ্তাহে মাত্র একদিন ভাত খান বলে জানান অভিনেত্রী।

ভাতের পরিবর্তে দীঘির প্রতিদিনের খাবারে জায়গা করে নিয়েছে সেদ্ধ ডিম ও সেদ্ধ সবজি। পাশাপাশি তেল ব্যবহার না করে ওভেনে রান্না করা চিকেনও খাচ্ছেন তিনি। নিজের বর্তমান খাদ্যাভ্যাসকে বর্ণনা করতে গিয়ে দীঘি বলেন, তার খাবারে এখন তেল নেই, সবজির পরিমাণই বেশি।

অভিনেত্রীর ভাষ্য, ফ্যাট ছাড়া বিভিন্ন খাবারই তিনি খাচ্ছেন। একপর্যায়ে তার ওজন বেশ বেড়ে গিয়েছিল। তবে ঠিক কত ওজন হয়েছিল, তা প্রকাশ করতে চাননি তিনি। ওজন বৃদ্ধির কারণে পর্দায় নিজেকে বর্তমান সময়ের তুলনায় বেশি ‘বাল্কি’ দেখাত বলেও জানান দীঘি।

ফিটনেস ধরে রাখার এই প্রচেষ্টায় এখন পর্যন্ত ছয় কেজি ওজন কমাতে সফল হয়েছেন তিনি। সামনে আরও চার কেজি কমিয়ে নিজেকে আরও স্বাচ্ছন্দ্য ও ফিট রাখতে চান এই অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে দীর্ঘদিন আগেই দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন দীঘি। ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে নতুন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন দীঘি। ‘ফেরা’ নামের একটি ওয়েব ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আরটিভির প্রযোজনায় শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তরুণ নির্মাতা সুমন ধর পরিচালিত এই চলচ্চিত্রে দীঘির বিপরীতে অভিনয় করবেন ইয়াশ রোহান।

প্রার্থনা ফারদিন দীঘি ওজন কমানো সমুদ্রসৈকত নতুন লুক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!