ছবি:সংগৃহীত
নতুন ধারার ছাত্ররাজনীতি প্রবর্তন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই সফল হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাসে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের সময় তিনি এ মন্তব্য করেন। রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদল কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নেই, বরং নানা ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচিও হাতে নিয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ছাত্রদলের সাহসিকতা ও অবদানের কথা স্মরণ করে তিনি জানান, সাইন্সল্যাব ও নীলক্ষেতসহ বিভিন্ন সড়ক অবরুদ্ধ রেখে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
দুর্যোগ ও সংকটে ছাত্রদল সর্বদা মানুষের পাশে থেকেছে উল্লেখ করে তিনি বলেন, করোনার সময়ও সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছিল সংগঠনটি। পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে তিনি জানান, প্রতি সপ্তাহের ছুটির দিনে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরাও এই কার্যক্রমে অংশ নেবেন। পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার নৈতিক দায়িত্ব—এই বার্তা পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ছাত্রদল সভাপতি।
ছাত্ররাজনীতি ছাত্রদল সভাপতি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!