যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

কলকাতার ফিল্ম ফেস্টিভালে পুরস্কার পেল বাংলাদেশের দুই সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ PM ১৫
কলকাতার ফিল্ম ফেস্টিভালে পুরস্কার পেল বাংলাদেশের দুই সিনেমা

কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের দুটি সিনেমা। ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরার পুরস্কার অর্জন করেছে পিপলু আর খান নির্মিত ‘জয়া আর শারমিন’। সিনেমাটি পেয়েছে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’।

একই উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ সম্মাননা ‘জুরি মেনশন’ পেয়েছে মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন : ইন প্রেইজ অব শ্যাডোজ’।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার উদ্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়। কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ সেপ্টেম্বর শুরু হয়ে আয়োজন শেষ হয় ১৩ সেপ্টেম্বর। সমাপনী অনুষ্ঠানে রোববার সন্ধ্যায় বিভিন্ন শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘জয়া আর শারমিন’ ছবির প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উৎসব ঘিরে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ার কথাও তিনি তুলে ধরেন।

আবু শাহেদ ইমনের মতে, এই সম্মাননা ছবিটির শিল্পী ও কলাকুশলীদের কাজের জন্য উৎসাহ তৈরি করবে। একই সঙ্গে বিশ্ব চলচ্চিত্রের পরিসরে বাংলাদেশের সিনেমার অবস্থান তুলে ধরার ক্ষেত্রেও এ অর্জন গুরুত্বপূর্ণ।

ছয় দিনের আয়োজনে মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। প্রতিযোগিতামূলক পূর্ণদৈর্ঘ্য বিভাগে অংশ নেয় ১৯টি সিনেমা। উৎসবে বাংলাদেশ ও ভারত ছাড়াও শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র ছিল।

পুরস্কার নির্ধারণে তিন সদস্যের বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।

পূর্ণদৈর্ঘ্য বিভাগে দ্বিতীয় সেরা চলচ্চিত্রের স্বীকৃতি ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার সিনেমা ‘রিভার টেলস’। পঙ্কজ বরা পরিচালিত এই চলচ্চিত্রের পাশাপাশি একই বিভাগে জুরি মেনশন অর্জন করেছে শ্রীলঙ্কার ‘প্যানট্রাম’। সিনেমাটির পরিচালক নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চি।

প্রামাণ্যচিত্র শাখায় সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ গেছে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’র ঝুলিতে। দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্র হিসেবে ‘হরিসাধন দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’।

এদিকে স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ জিতেছে ড. ধৃতিশ্রী সরকার নির্মিত ‘দ্য টেল অব কথা’। দ্বিতীয় সেরা ছবির পুরস্কার ‘চিদানন্দ দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ইরানের ‘সাডেনলি রাইজ’। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহ।

পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!