ডিজিটাল যুগে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পাওয়া সহজ হলেও এর মধ্যে অনেক ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে স্তন ক্যানসারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নানা ধরনের ভ্রান্ত ধারণা নারীদের মধ্যে অযথা ভয় ও উদ্বেগ তৈরি করে।
ক্যানসার বিশেষজ্ঞ ও সার্জন ড. ক্রিস্টিন লাইয়ের মতে, ভয় নয়—সঠিক তথ্য ও সচেতনতাই পারে ক্যানসার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। ইন্টারনেটে পাওয়া যেকোনো তথ্য বিশ্বাস না করে বৈজ্ঞানিক প্রমাণ ও চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করা উচিত।
স্তন ক্যানসার নিয়ে প্রচলিত ৮টি ভুল ধারণা ও প্রকৃত তথ্য তুলে ধরা হলো—
১. ব্রা পরলে কি স্তন ক্যানসার হয়?
অনেকের ধারণা, দীর্ঘ সময় ব্রা পরা বা আন্ডারওয়্যার ব্রা ব্যবহার করলে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে এ ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ব্রা ব্যবহারের সঙ্গে স্তন ক্যানসারের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
২. কফি পান করলে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে?
কফি বা ক্যাফেইন নিয়ে অনেকের মধ্যে ভয় রয়েছে। তবে গবেষণায় কফি পান ও স্তন ক্যানসারের মধ্যে সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। ক্যাফেইনের কারণে কিছু নারীর স্তনে সাময়িক অস্বস্তি বা পরিবর্তন অনুভূত হতে পারে, যা ক্যানসারের লক্ষণ নয়।
৩. চিনি কি ক্যানসার কোষকে বাড়িয়ে দেয়?
‘চিনি খেলেই ক্যানসার বাড়ে’—এমন ধারণা প্রচলিত থাকলেও বিষয়টি এত সরল নয়। শরীরের সুস্থ ও অসুস্থ সব কোষই শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করে। শুধু চিনি বাদ দিলেই ক্যানসার প্রতিরোধ বা নিরাময় সম্ভব নয়।
৪. সয়াবিন জাতীয় খাবার কি ঝুঁকি বাড়ায়?
সয়াবিন, টফু বা সয়া মিল্ক স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এমন ধারণারও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং পরিমিত সয়া খাবার অনেকের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।
৫. স্তনের আকার বড় হলে ক্যানসারের ঝুঁকি বেশি?
স্তনের আকারের সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকির সরাসরি সম্পর্ক নেই। স্তন ছোট বা বড় হওয়া মূলত শারীরিক গঠনের বিষয়।
৬. স্তনে আঘাত লাগলে কি ক্যানসার হয়?
অনেকেই মনে করেন আঘাতের কারণে স্তনে ক্যানসার হতে পারে। চিকিৎসকদের মতে, আঘাতের কারণে সাময়িক ফোলা বা পিণ্ড তৈরি হতে পারে, তবে তা ক্যানসারে পরিণত হওয়ার কোনো প্রমাণ নেই।
৭. গর্ভপাত বা মিসক্যারেজের কারণে কি স্তন ক্যানসার হয়?
গর্ভপাত বা মিসক্যারেজের সঙ্গে স্তন ক্যানসারের সম্পর্ক রয়েছে—এমন ধারণা ভুল। বিভিন্ন গবেষণায় এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
৮. আইভিএফ চিকিৎসায় কি স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে?
অনেকে মনে করেন আইভিএফ বা প্রজনন চিকিৎসায় ব্যবহৃত হরমোন স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তবে বর্তমানে এ বিষয়ে নিশ্চিত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
সচেতনতাই সুরক্ষার প্রথম ধাপ
বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যানসার নিয়ে ভয় নয়, প্রয়োজন সচেতনতা। শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।
ভুল তথ্যের ওপর নির্ভর না করে সঠিক জ্ঞান অর্জন করাই পারে স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে বড় ভূমিকা রাখতে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!