ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমন/ফাইল ছবি
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের মধ্যে একটি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। অন্য একটি মামলায় জামিন স্থগিত করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন ব্যারিস্টার সুমনের আইনজীবী এম লিটন আহমেদ।
তিনি জানান, রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে, মুগদা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।
সোমবারের শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আর ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম লিটন আহমেদ।
এর আগে খিলক্ষেত ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দেন হাইকোর্ট। গত ২৯ জুলাই বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।
২০২৪ সালের ২১ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।
ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!