যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬,১৯ শ্রাবণ ১৪৩৩

ফুটবল টিম গঠনে ব্যর্থ হলে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও স্থগিতের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৮ PM

ফুটবল টিম গঠনে ব্যর্থ হলে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও স্থগিতের পরিকল্পনা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম/ফাইল ছবি

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে ফুটবল দল গঠনে ব্যর্থ হলে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পে-অর্ডার) স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাকে সফল করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলার সুযোগ থাকলে আলাদাভাবে প্রতিভা খুঁজে বের করার প্রয়োজন হবে না। মাঠ থেকেই দক্ষ খেলোয়াড় তৈরি হবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো কারিগরি কলেজ, মাদরাসা, স্কুল বা কলেজ যদি ১১ কিংবা ১৫ জনের একটি দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করা হবে।

তিনি জানান, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে এবং দেশজুড়ে ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!