ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় মো. নাজমুল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আগে কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) ছিল না, এরপরও একের পর এক মামলায় তাকে জড়ানো হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম নাজমুল হত্যা মামলায় অজয় কর খোকনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি।
অজয় কর খোকন বলেন, “দেশে আমার নামে কোনো জিডি ছিল না, কোনো মামলাও ছিল না। তারপরও আমাকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি হাইকোর্টে রিট করেছিলাম। আদালত ‘নো শোন অ্যারেস্ট, নো হ্যারেজ’ নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই আদেশও আমাকে বাঁচাতে পারলো না।”
শুনানিতে অজয় কর খোকনের আইনজীবী ওবায়দুল ইসলামও হাইকোর্টের ওই আদেশের বিষয়টি তুলে ধরেন। তিনি আদালতকে জানান, রিটের পর দেওয়া নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে জামিননামাও দাখিল করা হয়। এরপরও তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।
তবে রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় গুলিবিদ্ধ হন মো. নাজমুল। পরে ৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে অজয় কর খোকনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!