ছবি: সংগৃহীত
দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একটি সংগঠন। সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এ কর্মসূচির আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দিয়েছে। ঢাকার বাইরের অনেক জেলায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলেও দাবি করেন তারা।
তাদের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারে বড় ধরনের পরিবর্তন না থাকলেও অনেক গ্রাহকের বিল আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধান না হয়ে বরং তা আরও বাড়ছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে বলেও অভিযোগ করেন তারা।
তারা আরও অভিযোগ করেন, অনেক এলাকায় নিয়মিত গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে বিদ্যুতের দাম ও বিল বৃদ্ধি নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বক্তারা দাবি করেন, অনেক জায়গায় ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার বেশি সময় লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের ব্যবহার স্বাভাবিক থাকলেও অতিরিক্ত বিল আসছে বলেও অভিযোগ করেন তারা।
বিক্ষোভ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা সরকারের কাছে বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!