যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬,১৯ শ্রাবণ ১৪৩৩

সরকারি ভবনে বসছে সৌর প্যানেল, নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০৩ PM

সরকারি ভবনে বসছে সৌর প্যানেল, নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় সিদ্ধান্ত হয়, প্রথম ধাপে দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে সৌর প্যানেল স্থাপন করা হবে।

প্রাথমিকভাবে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এই প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়বে। তাই সরকারি স্থাপনাগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে।

এ ছাড়া দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎকে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

সভায় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিষয়ে পৃথক উপস্থাপনা দেওয়া হয়। এতে বলা হয়, সৌর বিদ্যুতের সম্প্রসারণ হলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

উপস্থাপনায় আরও জানানো হয়, সৌর প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!