যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখছেন মেয়র জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ AM | সর্বশেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ PM ৪০
নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখছেন মেয়র জোহরান মামদানি

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কি না, সেই আইনি সম্ভাবনা নিয়ে সিটির আইন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের অভিযোগের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন। তার ভাষায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন অভিযুক্ত হিসেবে নেতানিয়াহুর স্থান হওয়া উচিত নেদারল্যান্ডসের হেগে, যেখানে আইসিসির কার্যক্রম পরিচালিত হয়।

ফিলিস্তিনের প্রতি সমর্থনের অবস্থানের জন্য পরিচিত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতা মামদানি জানান, মেয়র নির্বাচনী প্রচারণার সময়ও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের সম্ভাব্য উপায় খুঁজে দেখবেন। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে তার আইনি ক্ষমতার সীমা নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল।

সাক্ষাৎকারে তিনি বলেন, নিউইয়র্ক সিটির আইন যতটুকু ক্ষমতা দেয়, প্রশাসন ঠিক ততটুকু পদক্ষেপই নেবে। এ উদ্দেশ্যে নতুন কোনো আইন প্রণয়নের পরিকল্পনা নেই। বরং বিদ্যমান আইন ও এখতিয়ারের আওতায় কী করা সম্ভব, তা নিয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ চলছে।

তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা কার্যকর করার বিষয়টি মূলত সংশ্লিষ্ট রাষ্ট্রের জাতীয় আইন, ফেডারেল কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার ওপর নির্ভর করে। ফলে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেপ্তারের প্রশ্নটি জটিল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নেতানিয়াহুর সম্ভাব্য সফর এবং এ নিয়ে মামদানির মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!