ছবি : সংগৃহীত
চিলির উত্তরাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন এবং নিখোঁজ রয়েছেন চারজন। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
গত সপ্তাহ থেকে সাধারণত শুষ্ক হিসেবে পরিচিত কোকিম্বো ও আতাকামা অঞ্চলে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, এসব এলাকায় এমন ভারি বৃষ্টি অত্যন্ত বিরল ঘটনা।
চিলির জাতীয় জরুরি পরিষেবা সংস্থা সেনাপ্রেডের পরিচালক আলিসিয়া সেব্রিয়ান জানান, প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ১০০টির বেশি বাড়িঘর। বর্তমানে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ট বলেন, পরিস্থিতি ক্রমেই গুরুতর হয়ে উঠছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করার ফলে সরকার দ্রুত ত্রাণ সহায়তা পাঠানো, সেনাবাহিনী মোতায়েন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে।
প্রবল বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে গিয়ে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। কয়েকটি জনপদ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোকিম্বো অঞ্চলে কাদা, ভূমিধস ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানীয় জল সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।
চিলির উপ-অভ্যন্তরীণ মন্ত্রী ম্যাক্সিমো পাভেজ জানান, কিছু এলাকায় মাত্র এক ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সাধারণত পুরো এক মাসেও দেখা যায় না। তিনি পরিস্থিতিকে ‘অস্বাভাবিক ও চরম’ বলে বর্ণনা করেছেন।
দেশটির জাতীয় আবহাওয়া বিভাগের কর্মকর্তা আর্নাল্ডো জুনিগা জানান, গত দুই দশকে চিলিতে এত বেশি বৃষ্টিপাত দেখা যায়নি। তার মতে, বহু বছর পর দেশটি এমন ভয়াবহ আবহাওয়াজনিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।
চিলি ভারি বৃষ্টিপাতে নিহত ১০
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!