প্রশিক্ষণ মিশনে আলাস্কার আকাশে এইচএইচ-৬০ডব্লিউ হেলিকপ্টার। ছবি: এবিসি নিউজ
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার পর চার আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর তাদের অ্যাংকরেজের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা শেষে চারজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এবিসি নিউজ জানিয়েছে, গত ৩০ আগস্ট আলাস্কার মন্টাগু আইল্যান্ডে সেসনা ১৮০ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি সিওয়ার্ড শহর থেকে প্রায় ৬০ মাইল বা ৯৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
বিমানটির ইমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটার (ইএলটি) থেকে সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। বিমানটি এর মালিকের নামে নিবন্ধিত ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সংকেত পাওয়ার পর জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনের আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে। পরে ১৭৬তম উইংয়ের সার্চ অ্যান্ড রেসকিউ ডিউটি অফিসারের সহায়তা চাওয়া হয়।
এরপর প্যারা রেসকিউ সদস্যদের নিয়ে একটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়। তবে ঘটনাস্থলের কাছে প্রবল বাতাসে বালু উড়ে আসা এবং সৈকতে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের কারণে হেলিকপ্টারটি সরাসরি বিধ্বস্ত বিমানের কাছে নামতে পারেনি।
উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে হেলিকপ্টার অবতরণ করে পরে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা চার আরোহীকে দেখতে পান।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর চারজনই নিজেদের চেষ্টায় উল্টে থাকা বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। সেসনা ১৮০ বিমানটি দুর্ঘটনার পর উল্টে থাকলেও বাইরে থেকে সেটিকে তুলনামূলকভাবে অক্ষত মনে হচ্ছিল।
পরে উদ্ধারকারীরা চার আরোহীকে হেলিকপ্টারে করে অ্যাংকরেজের প্রভিডেন্স আলাস্কা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে তাদের বেসামরিক চিকিৎসাকর্মীদের কাছে হস্তান্তর করা হয়।
চিকিৎসা নেওয়ার পর চার আরোহীকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!