ছবি : সংগৃহীত
সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণের কোনো বিকল্প নেই। বাঘ শুধু বাংলাদেশের জাতীয় গর্বই নয়, বরং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী সিপিজি কার্যালয়ে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সিএমসি সভাপতি মাহামুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন। সিএমসি সদস্য আবু ফরিদের সঞ্চালনায় বক্তব্য দেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কলাগাছিয়া বনবিভাগ কেন্দ্রের ইনচার্জ সুলজ কুমার দ্বীপ, ফরেস্ট জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সিপিজি সদস্য পঞ্চি রানী ও রুহুল আমিন, সিএমসি সদস্য আব্দুর রশিদ এবং উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, মানব-বন্যপ্রাণীর সংঘাত এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের বাঘের আবাসস্থল ক্রমেই হুমকির মুখে পড়ছে। এই সংকট মোকাবিলায় বন বিভাগের পাশাপাশি সহ-ব্যবস্থাপনা কমিটি, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, সুন্দরবন টিকে থাকলে উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে এবং লাখো মানুষের জীবিকা নিরাপদ থাকবে। তাই বাঘ সংরক্ষণকে শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ হিসেবে নয়, বরং সুন্দরবনের সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আন্দোলন হিসেবে দেখতে হবে।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব বাঘ দিবসের এবারের প্রতিপাদ্য "সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ" বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!