যুক্তরাষ্ট্র   শুক্রবার ৩১ জুলাই ২০২৬,১৫ শ্রাবণ ১৪৩৩

গ্যাস সংকট পুরোপুরি কাটবে না, সমাধানে কাজ চলছে: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৬ PM

গ্যাস সংকট পুরোপুরি কাটবে না, সমাধানে কাজ চলছে: জ্বালানিমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে চলমান গ্যাস সংকট পুরোপুরি দূর হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানান তিনি।

দেশের চলমান গ্যাস সংকট পুরোপুরি কাটবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমকাল আয়োজিত ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণের করণীয়’ শীর্ষক সংলাপে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সংলাপে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, মহেশখালীর ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)-এ অগ্নিকাণ্ডের পর কয়েক দিন ধরে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে বিদেশি প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ করছেন।

তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এরপর ১০ আগস্টের মধ্যে সংকট আরও কমে আসার আশা করা হচ্ছে। তবে গ্যাস সংকট পুরোপুরি শেষ হওয়ার নিশ্চয়তা এখনই দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করেছে এবং তা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। শিল্প খাতের সমস্যা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের বিষয়ে তিনি বলেন, তাদের বকেয়া বিল পরিশোধের বিষয়টি সহনীয়ভাবে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনে কিস্তিতে বিল পরিশোধের সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, দেশের জ্বালানি খাতে দীর্ঘদিনের সমস্যাগুলো একসঙ্গে তৈরি হয়েছে। গত ১৫ বছরের জটিলতা মাত্র কয়েক মাসে সমাধান করা সম্ভব নয়।

তিনি অভিযোগ করেন, দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ওপর পর্যাপ্ত গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন এলএনজি আমদানিনির্ভর ব্যবস্থা তৈরি করা হয়েছে। তবে বর্তমান সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

সূত্র : সমকাল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!