যুক্তরাষ্ট্র   শুক্রবার ৩১ জুলাই ২০২৬,১৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের ইশারায় সব চললে দুর্নীতি থামছে না কেন: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৬ PM

তারেক রহমানের ইশারায় সব চললে দুর্নীতি থামছে না কেন: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন বিএনপির দুর্নীতি দমন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেছেন, যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই সবকিছু পরিচালিত হয়, তাহলে দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন—এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নিজেই স্বীকার করেছেন যে কয়েক মাসের মধ্যে দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্যের পর সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

জামায়াত আমির বলেন, দুর্নীতি বন্ধ করার দায়িত্ব সরকারের। যদি সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা থাকে, তাহলে মাঠপর্যায়ে দুর্নীতি চলমান থাকার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, শ্রমিক ও সাধারণ মানুষকে হয়রানি করে এমন কর্মকাণ্ড বন্ধ করতে হবে। চাঁদাবাজমুক্ত পরিবহন ব্যবস্থা গড়তে হলে নেতৃত্বেও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

শফিকুর রহমান আরও বলেন, জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে কোনো সরকার কাজ করলে তা মেনে নেওয়া হবে না। দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় তার দল অবস্থান নেবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলন কোনো একক ব্যক্তি বা দলের সম্পদ নয়। যারা জীবন দিয়েছেন, তারা পুরো জাতির সম্পদ। আহত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ সম্মান ও সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান জামায়াতে ইসলামী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!