যুক্তরাষ্ট্র   শুক্রবার ৩১ জুলাই ২০২৬,১৫ শ্রাবণ ১৪৩৩

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল নিয়ে থাকছে চমক

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৪ PM

১২
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল নিয়ে থাকছে চমক

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের জন্য ১২টি শহরের নাম চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই বৈশ্বিক আসর।

২৪ বছর পর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী আসরে সহ-আয়োজক হিসেবে প্রথমবারের মতো বড় পর্যায়ের আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে নামিবিয়াও।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপের ৫৪টি ম্যাচের বড় অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। এগুলো হলো—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন।

বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার দুটি ঐতিহ্যবাহী ভেন্যু—জোহানেসবার্গের ওয়ান্ডারার্স এবং কেপ টাউনের নিউল্যান্ডস।

জিম্বাবুয়ের তিনটি শহর হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলস বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। দেশটিতে ৭ থেকে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহকে কমপক্ষে তিনটি ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়া হবে।

এবারের আসরের জন্য নতুন সংযোজন ভিক্টোরিয়া ফলস। সেখানে নির্মাণাধীন নতুন স্টেডিয়ামে প্রায় ১০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। চলতি বছরের শেষ দিকে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমকে ব্যবহার করা হবে। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের কিছু আয়োজনেও দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার কয়েকটি শহর যুক্ত হতে পারে।

দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স, সুপারস্পোর্ট পার্ক, নিউল্যান্ডস, কিংসমিড, সেন্ট জর্জেস পার্ক ও বোল্যান্ড স্টেডিয়ামে একই সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ অনুষ্ঠিত হওয়ার কারণে সূচি তৈরিতে বাড়তি সমন্বয় করতে হবে।

এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। দক্ষিণ আফ্রিকা এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিভিন্ন বয়সভিত্তিক আইসিসি ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা অর্জন করেছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হবে ৪ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।

২০২৭ বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!