যুক্তরাষ্ট্র   শুক্রবার ৩১ জুলাই ২০২৬,১৫ শ্রাবণ ১৪৩৩

মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৮ PM

মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাসের একটি কূটনৈতিক সূত্র। সংবাদ সংস্থা ইউএনবিকে সূত্রটি জানায়, বৈঠকটি ভালো হয়েছে এবং এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তবে বৈঠকে নির্দিষ্ট কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে তিন দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছান সার্জিও গর। ঢাকায় এসে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান।

সার্জিও গর তার পোস্টে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। সফরসূচি অনুযায়ী, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বাংলাদেশ সফর এবং ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় সম্পর্ক ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ইস্যুগুলোর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!