যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

মকবুল হোসেন হত্যা মামলায় হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩৩ PM ৬৭
মকবুল হোসেন হত্যা মামলায় হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের শুনানি শেষে তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। আদালতে দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয়।

শুনানির সময় আসামিদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ তাদের এ মামলায় গ্রেফতার না দেখানোর আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তদন্ত কর্মকর্তাদের আবেদন মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তাদের আবেদনে বলা হয়েছে, সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন নিজ নিজ পদে দায়িত্ব পালনকালে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে অর্থের সংস্থান ও নির্দেশনাসহ মকবুল হোসেন হত্যাকাণ্ডের নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। সোলায়মান সেলিমের বয়স ৩৫ বছর এবং মোস্তফা জালাল মহিউদ্দিনের বয়স ৭৬ বছর। তারা দুজনই বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। ওই অভিযানের সময় কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় মকবুল হোসেন নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে এ হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন।

আদালতের এই আদেশের মাধ্যমে মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক দুই সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হলো।

হত্যা মামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!