যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

রুবেল হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ PM ৯৫
রুবেল হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন মোজাম্মেল হক

আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক। ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি কে এম ইমরুল কায়েশের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

মোজাম্মেল হকের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. লিটন মিয়া। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জসিম উদ্দিন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত রুবেল হত্যা মামলায় গত বছরের অক্টোবরে মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়েছিল। এর আগে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের দিন আদাবরের রিংরোড এলাকায় রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা প্রতিবাদী মিছিল বের করেন। ওই সময় পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এতে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক রুবেল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুবেলের বাবা রফিকুল ইসলাম পরে আদাবর থানায় হত্যা মামলা করেন। এছাড়া জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আরও আটটি মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ বি এম মোজাম্মেল হক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!