যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি, কমছে অক্সিজেনের মাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ AM ৫১
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি, কমছে অক্সিজেনের মাত্রা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার চিকিৎসায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সচিব ও মেঘমল্লারের চিকিৎসা সমন্বয়ের দায়িত্বে থাকা সজীব তানভীর গণমাধ্যমকে জানান, তার শ্বাসকষ্ট আগের তুলনায় কমেছে। কৃত্রিম অক্সিজেনের মাত্রাও ধীরে ধীরে কমিয়ে স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা চলছে। একই সঙ্গে তার সচেতনতার মাত্রা বাড়ছে।

তিনি আরও জানান, মেঘমল্লারের রক্তচাপ, পালসসহ অন্যান্য শারীরিক সূচক বর্তমানে স্থিতিশীল রয়েছে।

চিকিৎসার জন্য গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ডে ঢাকা মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের চারজন অধ্যাপক ও তিনজন সহযোগী অধ্যাপক রয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।

বোর্ডের অধ্যাপকদের মধ্যে রয়েছেন মেডিসিন বিভাগের প্রধান মো. শফিকুল বারী, একই বিভাগের সৈয়দ মোহাম্মদ মনোয়ার আলী ও হাফিজুর রহমান এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের মো. আমিনুল ইসলাম।

গত সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে মেঘমল্লারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার বন্ধুরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরদিন অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!