যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ PM | সর্বশেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ PM ৯১
যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে চার্জশিট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একই সঙ্গে তদন্তে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় দুই মামলার এজাহারভুক্ত ১০৫ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এর মধ্যে একটি মামলা করা হয়েছিল নাদিম নামের এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে। এ মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন যাত্রাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় এজাহারে থাকা ৬৬ জনকে অব্যাহতি দেওয়ার আবেদনও করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হন নাদিম। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। ওই ঘটনার পর হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়।

এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ অন্যদের।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা দেওয়া এই চার্জশিটের ওপর শুনানির জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।

অন্য মামলাটি বাবুল মৃধা হত্যার ঘটনায়। আন্দোলনের সময় গুলিতে আহত বাবুল মৃধা ৫২ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার সিএমএইচে মারা যান। ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তার চিকিৎসা চলছিল। পরে তার স্ত্রী সীমা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন।

এই মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান। গত ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তদন্তে সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় এজাহারে থাকা ৩৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বাবুল মৃধা হত্যা মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু এবং এস এম শাহজাদা।

অন্যদিকে অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় সাবেক কাউন্সিলর আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সদস্য হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা অর্থ দাস, রবিন খান ওরফে মেকআপ রবিন, মনির আহমেদ ও লুৎফুর রহমানসহ ৩৯ জন।

দুই মামলায় পুলিশ যে অভিযোগপত্র দিয়েছে, তার ভিত্তিতে এখন আদালতের পরবর্তী কার্যক্রম এগোবে। চার্জশিটে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণ-অভ্যুত্থান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!