সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে শুভেচ্ছার চিঠি তুলে দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান; ছবি: সংগৃহীত
সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার বনানীর হোটেল শেরাটনে সৌদি দূতাবাসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর কাছে বাদশাহকে উদ্দেশ করে লেখা চিঠিটি হস্তান্তর করেন।
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শফিকুর রহমান সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
চিঠিতে বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সৌদি সরকার এবং সৌদি জনগণের প্রতি অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে মুসলিম বিশ্বের কাছে সৌদি আরবের বিশেষ ধর্মীয় মর্যাদা এবং মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সেবা ও ব্যবস্থাপনায় দেশটির ভূমিকার কথা উল্লেখ করা হয়।
হজ ও ওমরাহ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যাওয়া মুসলমানদের সহযোগিতা ও সেবা দেওয়ার বিষয়টিরও প্রশংসা করা হয়েছে চিঠিতে।
বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের প্রসঙ্গও গুরুত্ব পেয়েছে। চিঠিতে বলা হয়, দুই দেশের সম্পর্ক শুধু প্রচলিত কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; ধর্মীয়, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ওপরও এ সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে।
সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাঁদের দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মানবিক সেতু হিসেবে বর্ণনা করে বাংলাদেশ-সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির।
সংবর্ধনা অনুষ্ঠানে শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!