যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

জামায়াতের উত্থান নিয়ে নুরের ‘ধর্মযুদ্ধের’ আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ PM ৬৬
জামায়াতের উত্থান নিয়ে নুরের ‘ধর্মযুদ্ধের’ আশঙ্কা

পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর রাজনৈতিক উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তাঁর ভাষ্য, দলটির উত্থান বাংলাদেশের অস্তিত্বকেও সংকটের মুখে ফেলতে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়েও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

জামায়াতের প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, অতীতে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় দলটি আওয়ামী লীগের সঙ্গে রাজপথে ছিল। বর্তমানে জামায়াতের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এ পরিস্থিতিতে সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীর বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জামায়াতের উত্থান মানে দেশকে একটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলা।’ এ সময় জামায়াত-শিবিরের যেকোনো ধরনের ‘আস্ফালনের’ বিরুদ্ধে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন নুর। তিনি বলেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক শক্তি ডিসেম্বরে সরকার পতনের কথা বলছে। তাঁর বক্তব্য অনুযায়ী, একই ধরনের কথা বিভিন্ন পক্ষ থেকে আসছে কি না এবং এর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো প্রায় সাড়ে ছয় মাস পার হয়েছে। এ সময়ে সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি দেওয়া হলে তার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্টরা রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

নুরুল হক নূর বলেন, রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন পরিচালনার ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের স্বার্থকে বিবেচনায় রাখা দরকার।

এ ছাড়া মিরপুরের একটি ক্লিনিকের ঘটনার প্রসঙ্গে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তরুণদের মধ্যে সালমান মুক্তাদিরের জনপ্রিয়তা রয়েছে এবং সাম্প্রতিক ঘটনায় তাঁর প্রতি মানুষের সংহতি ও সমবেদনা সবার নজরে এসেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!