যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

কারাগারে থেকেও আইনজীবী সহকারী সমিতির সভাপতি নির্বাচিত আব্দুল বাতেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ PM ৫০
কারাগারে থেকেও আইনজীবী সহকারী সমিতির সভাপতি নির্বাচিত আব্দুল বাতেন

আব্দুল বাতেন মহুরি। সংগৃহীত

কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল ক্লার্ক বা মহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন মহুরি। তিনি পেয়েছেন ৩৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ পেয়েছেন ১৪০ ভোট।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনের ফল রাতে প্রকাশ করে সমিতির নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বারের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম ফলাফল নিশ্চিত করেছেন।

নির্বাচনের দুই দিন আগে মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে আব্দুল বাতেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর সমর্থক মহুরিদের অভিযোগ, নির্বাচনে তাঁকে হারানোর উদ্দেশ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে সদর থানা-পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল বাতেন কুড়িগ্রাম জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকনের আইনজীবী সহকারী। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

নির্বাচনে মোট ১৪ সদস্যের প্যানেলের মধ্যে আব্দুল বাতেন সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে তাঁর প্যানেলের আতিয়ার রহমান ১৭১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান পেয়েছেন ১০১ ভোট।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬২ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৩৫৮ জন।

নির্বাচনের ফল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, নির্বাচনের এক দিন আগে একজন প্রার্থীকে গ্রেপ্তার করায় তিনি মর্মাহত হয়েছেন। আব্দুল বাতেনকে গ্রেপ্তারের কারণ তাঁর জানা নেই বলেও জানান তিনি। তাঁর মতে, গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আব্দুল বাতেন অতিরিক্ত ‘সহানুভূতি ভোট’ পেয়েছেন এবং তাঁর প্যানেলের অধিকাংশ প্রার্থী জয় পেয়েছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!