যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ PM ৭২
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

বিচার বিভাগে সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। আখতারুজ্জামানকে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর প্রতিবাদে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার দাবি করেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষ্য, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনা ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না। জামায়াতে যোগ দেওয়ার কারণেও তার বিরুদ্ধে রাজনৈতিক আক্রোশ তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিমানবন্দরের সেবার বিষয়ে তিনি বলেন, যাত্রীদের ট্রলি না পাওয়া এবং লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করার মতো সমস্যা রয়েছে। আখতারুজ্জামান এসব অনিয়ম নিয়ে কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুলেছিলেন এবং পরে তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাটি জামিনযোগ্য হলেও আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। এ ঘটনাকে তিনি রাজনৈতিক প্রভাবের ফল হিসেবে উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, ঘটনার পর সরকারের একজন মন্ত্রী বিমানবন্দরে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা প্রকৃত পরিস্থিতিকে প্রতিফলিত করেনি। অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আখতারুজ্জামানকে আদালতে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে আনার ঘটনারও নিন্দা জানান জামায়াতের এই নেতা।

গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামান সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে কারাগারে ডিভিশন দেওয়া হয়নি। এ-সংক্রান্ত গেজেট আদালতে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

তার দাবি, ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান অসুস্থ হলেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। দ্রুত তার ডিভিশনের আদেশ কারাগারে পাঠানো এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

আদালত এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মব তৈরি ও আখতারুজ্জামানের আইনজীবী, জামায়াতের নেতাকর্মী এবং স্বজনদের ওপর হামলার অভিযোগও করেন গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার নিন্দা জানান।

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ দেশে-বিদেশে ছড়িয়ে পড়ছে দাবি করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রবাসীদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!