জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। একই সঙ্গে পূজা উদ্যাপনে সহযোগিতা এবং নিরাপত্তা বজায় রাখতে দলের নেতা-কর্মীরাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে বলেন, দেশের বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী উৎসব ও আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষও যেন পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব উদ্যাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, অতীতের সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখে এবারও দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। দেশের সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মাবলম্বীর প্রতি সামাজিক দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসবেন।
শফিকুর রহমান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!