যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার প্রকাশ, ডক্টর ডুমকে থামাতে ফিরছে সুপারহিরোরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৩:৫৫ PM

২৪
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার প্রকাশ, ডক্টর ডুমকে থামাতে ফিরছে সুপারহিরোরা

ছবি : সংগৃহীত

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার প্রকাশ হয়েছে। ট্রেলারে দেখা গেছে, ভয়ংকর ভিলেন ডক্টর ডুমকে মোকাবিলা করতে একত্রিত হচ্ছে অ্যাভেঞ্জার্সসহ মার্ভেলের জনপ্রিয় সব সুপারহিরো।

২ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ছবিটিতে ডক্টর ডুম চরিত্রে অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র। দীর্ঘদিন আয়রন ম্যান চরিত্রে দর্শকদের হৃদয় জয় করা এই অভিনেতার নতুন ভূমিকাকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

ট্রেলারে দেখা যায়, ডক্টর ডুমকে থামানোই হবে অ্যাভেঞ্জার্স ও অন্যান্য সুপারহিরোদের প্রধান লক্ষ্য। ছবিতে থর চরিত্রে ক্রিস হেমসওর্থকে বলতে শোনা যায়, ডুমকে পরাজিত করতে তাদের প্রয়োজন হবে কোনো অলৌকিক শক্তির।

ট্রেলারের অন্যতম আলোচিত মুহূর্ত হলো স্টিভ রজার্স চরিত্রে ক্রিস ইভান্সের প্রত্যাবর্তন। ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর আবারও ক্যাপ্টেন আমেরিকার পুরোনো চরিত্রে ফিরছেন তিনি। এছাড়া ট্রেলারে দেখা গেছে প্রফেসর জেভিয়ার চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্টকে। তার সংলাপে ইঙ্গিত পাওয়া যায়, পৃথিবী এমন এক ভয়াবহ হুমকির মুখোমুখি হতে যাচ্ছে, যা মোকাবিলা করা অত্যন্ত কঠিন। ছবিতে আরও থাকছেন শাং-চি চরিত্রে সিমু লিউ, ইয়েলেনা বেলোভা চরিত্রে ফ্লোরেন্স পিউ, থান্ডারবোল্টস দলের সদস্যরা, নেমর, ব্ল্যাক প্যান্থার, গ্যাম্বিট, ফ্যান্টাস্টিক ফোর এবং ম্যাগনেটো চরিত্রে ইয়ান ম্যাককেলেনসহ মার্ভেলের বহু পরিচিত মুখ।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনা করছেন সফল নির্মাতা ভাতৃদ্বয় রুশো ব্রাদার্স। এর আগে তারা ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মতো ব্লকবাস্টার সিনেমা নির্মাণ করেছেন।

আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর পাশাপাশি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ সিনেমারও ঘোষণা দেওয়া হয়েছে, যা এমসিইউর ভবিষ্যৎ গল্পে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মুক্তি পাওয়া চারটি অ্যাভেঞ্জার্স সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে ৭৭০ কোটিরও বেশি মার্কিন ডলার আয় করেছে। নতুন সিনেমাটিও সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন রেকর্ড গড়তে পারে বলে প্রত্যাশা করছেন ভক্তরা।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!