যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করল সুইডেন

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৪৮ PM

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করল সুইডেন

জোড়া গোলের পর জয় উদযাপন করছেন সুইডেনের ফুটবলাররা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মঞ্চে দারুণ সূচনা করেছে সুইডেন জাতীয় ফুটবল দল। গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ইউরোপীয় এই দলটি। ম্যাচে জোড়া গোল করে নায়ক হয়েছেন তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি, যিনি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আবেগঘন উদযাপনেও আলোচনায় এসেছেন।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। ম্যাচের মাত্র ৭ মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন ইয়াসিন আয়ারি। তবে গোল করার পর তিনি উচ্ছ্বাস না করে সিজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পারিবারিক ও ব্যক্তিগত আবেগের কারণে আয়ারির উদযাপন বিশেষভাবে নজর কাড়ে। তার বাবা তিউনিশিয়ার হলেও তিনি আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন জন্মভূমি সুইডেনের হয়ে। মা মরক্কোর হওয়ায় উত্তর আফ্রিকার আরও একটি দেশের প্রতিনিধিত্বের সুযোগ থাকলেও তিনি শেষ পর্যন্ত সুইডেনকেই বেছে নেন।

ম্যাচের ৩০ মিনিটে আলেক্সান্দার ইসাক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে তিউনিশিয়ার ওমার রেকিক গোল করে ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনেন। বিরতিতে স্কোরলাইন ছিল ২-১।

দ্বিতীয়ার্ধে সুইডেন পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়। ৫৯ মিনিটে ভিক্টর ইয়োকেরেস গোল করে ব্যবধান বাড়ান। এরপর ম্যাচের ৮৪ মিনিটে বদলি হিসেবে নেমে মাটিয়াস সভানবার্গ গোল করেন। শেষদিকে আবারও জ্বলে ওঠেন আয়ারি, নিজের দ্বিতীয় গোল করে দলের ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচজুড়ে আক্রমণ, বল দখল ও সুযোগ তৈরিতে সুইডেন ছিল এগিয়ে। তিউনিশিয়া কিছু সময় প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে তারা আর ম্যাচে ফিরতে পারেনি।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে শক্ত বার্তা দিয়েছে সুইডেন। একই সঙ্গে ইয়াসিন আয়ারির জোড়া গোল ও আবেগঘন উদযাপন তাকে টুর্নামেন্টের শুরুর দিকেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!