যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ: আর্জেন্টিনার খেলোয়াড়দের কী শাস্তি দিতে পারে ফিফা?

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০২:২২ PM

২২
বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ: আর্জেন্টিনার খেলোয়াড়দের কী শাস্তি দিতে পারে ফিফা?

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার তদন্ত শুরু করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে স্প্যানিশ খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় সম্ভাব্য শাস্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফিফার শৃঙ্খলা কমিটি এ ঘটনার তদন্তের জন্য একজন প্রসিকিউটর নিয়োগ করেছে। তদন্তে খেলোয়াড়দের আচরণ, ফেয়ার প্লে নীতিমালা এবং শৃঙ্খলাভঙ্গের বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

ঘটনায় দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর ওপর আর্থিক জরিমানাও আরোপ করা হতে পারে।

ফাইনালের পর স্পেন ১-০ গোলে জয়ের উদযাপন শুরু করলে দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, লিওনার্দো পারেদেস, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, স্পেনের খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় ফিফা প্রথমে পারেদেসের লাল কার্ডের বিষয়টি জানিয়েছিল, পরে তা আনুষ্ঠানিক নথি থেকে সরিয়ে নেওয়া হয়।

ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের সহিংস আচরণ, প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক মনোভাব এবং ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব। তবে শাস্তির মাত্রা নির্ভর করবে তদন্তে পাওয়া তথ্য ও ঘটনার গুরুত্বের ওপর।

অতীতে ফুটবলে গুরুতর অসদাচরণের ঘটনায় বড় শাস্তির নজির রয়েছে। ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েলিনিকে কামড় দেওয়ার ঘটনায় উরুগুয়ের লুইস সুয়ারেজকে চার মাসের জন্য ফুটবল-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

এ ছাড়া স্পেনের সাবেক ফুটবল ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে নারী বিশ্বকাপের পর অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগে ফিফা তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল।

তবে আর্জেন্টিনার মোলিনা, পারেদেস, আলমাদা বা আয়ালার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগের ঘটনাগুলো বিবেচনায় নিয়ে ফিফা জরিমানা, কয়েক ম্যাচের নিষেধাজ্ঞা বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

আর্জেন্টিনা এর আগেও খেলোয়াড়দের উদযাপন ও আচরণ নিয়ে ফিফার তদন্তের মুখোমুখি হয়েছিল। ২০২২ বিশ্বকাপ জয়ের পর উদযাপনের ধরন নিয়ে সমালোচনার পর এএফএকে জরিমানা করা হয়েছিল, যদিও কোনো খেলোয়াড় নিষিদ্ধ হননি।

ফিফার তদন্ত শেষ হতে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তদন্ত শেষে অভিযোগের গুরুত্ব অনুযায়ী খেলোয়াড় বা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আর্জেন্টিনা ফুটবল World Cup Final Fight FIFA Investigation

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!