ছবি: সংগৃহীত
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। বেঙ্গালুরুতে রিহ্যাব চলাকালে পায়ে নতুন করে অস্বস্তি দেখা দেওয়ায় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ভারতীয় দলের হয়ে ফেরার প্রস্তুতি হিসেবে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন হার্দিক। ধাপে ধাপে ফিটনেস পরীক্ষায়ও অগ্রগতি হচ্ছিল তার। সবকিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার সম্ভাবনা ছিল এই অলরাউন্ডারের।
তবে শেষ দিকে পায়ে অস্বস্তি দেখা দেওয়ায় তার পুনরাগমন পিছিয়ে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যার কারণে হার্দিককে আপাতত বোলিং থেকে বিরতি নিতে বলা হয়েছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, হার্দিক নিয়মিতভাবে বোলিং করছিলেন এবং তখন কোনো সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি পায়ে অস্বস্তি ফিরে আসায় তাকে বোলিং বন্ধ রাখতে হয়েছে। দ্রুতই আবার বোলিং শুরু করার পরিকল্পনা থাকলেও আফগানিস্তান সিরিজের আগে হাতে সময় কম।
১৩ সেপ্টেম্বর দিল্লিতে শুরু হবে ভারত ও আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলতি সপ্তাহেই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারেন নির্বাচকেরা। ফলে দল ঘোষণার আগে হার্দিকের ফিটনেস নিয়ে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ব্যাটিং ও মাঠে চলাফেরায় বড় ধরনের সমস্যা নেই হার্দিকের। তবে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটের ধকল সামলানোর মতো অবস্থায় তিনি আছেন কি না, সেটি নিয়ে সতর্ক ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
হার্দিক সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২৪ মে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ভারতের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
নতুন চোটের কারণে শুধু আফগানিস্তান সিরিজ নয়, আসন্ন এশিয়ান গেমসেও হার্দিকের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
অবশ্য আফগানিস্তান সিরিজের আগে ভারতীয় শিবিরে কিছুটা স্বস্তিও রয়েছে। পেসার-অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ফিট হয়ে উঠেছেন। স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও সিরিজের আগে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেন।
তবে ভারতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার জাসপ্রিত বুমরাহর আফগানিস্তান সিরিজে খেলার সম্ভাবনাও কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!