আসিয়ান কাপ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে দুই দল। বুধবার বাংলাদেশের গ্রুপপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মালয়েশিয়ার ম্যাচের তিন দিন পর ২৮ সেপ্টেম্বর একই মাঠ ও একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ার দল। এরপর ১ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
আগামী ২৪ সেপ্টেম্বর জাকার্তায় টুর্নামেন্টটির উদ্বোধন হবে। বাংলাদেশের গ্রুপপর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ভারত ও চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় বাংলাদেশ ও পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি চ্যালেঞ্জ ডিভিশনে আরও ছয়টি দল অংশ নেবে।
টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দল ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের ক্যাম্প চলছে।
বাংলাদেশের গ্রুপপর্বের সূচি
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া — বিকেল ৩টা
২৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর — বিকেল ৩টা
১ অক্টোবর: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া — সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
আসিয়ান কাপ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!