ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার পুরুষ হকি ম্যাচ শুরুর আগে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে ভুল করে বাজানো হয় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত।
শুক্রবার জাপানের গিফু শহরের গ্রিন স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা জাতীয় সংগীতের জন্য মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ান। এ সময় দক্ষিণ কোরিয়ার সংগীতের বদলে উত্তর কোরিয়ার জাতীয় সংগীতের সুর বেজে ওঠে। এতে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।
ঘটনাটি বুঝতে পেরে স্টেডিয়ামের ঘোষণাকারী দ্রুত মাইকে ক্ষমা চান। তিনি জানান, রিপাবলিক অব কোরিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে ভুল করে অন্য একটি গান বাজানো হয়েছে এবং এ জন্য আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে।
তবে এ ঘটনার প্রভাব ম্যাচে পড়তে দেয়নি দক্ষিণ কোরিয়া। মাঠের খেলায় তারা বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়ে ৫-০ গোলে জয় পায়।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে দুই দেশের জাতীয় প্রতীক ও সংগীত নিয়ে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ আনুষ্ঠানিক শান্তিচুক্তির মাধ্যমে শেষ না হয়ে যুদ্ধবিরতিতে থেমে যাওয়ায় দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তিতে পৌঁছায়নি।
এ ঘটনার বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবারের গেমসে আয়োজকদের ব্যবস্থাপনা নিয়েও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ উঠেছে। এর মধ্যে খেলোয়াড়দের আবাসন ও যাতায়াতসংক্রান্ত সমস্যার কথাও রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!