যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

জাপানকে ৪৮ রানে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের জয়

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ PM ৬৫
জাপানকে ৪৮ রানে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের জয়

জাপানের বিপক্ষে এশিয়ান গেমসে আফগানিস্তানের ম্যাচ; ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের ক্রিকেটে জয়ের মাধ্যমে অভিযান শুরু করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার নিসশিনে ‘এ’ গ্রুপের ম্যাচে জাপানকে ৪৮ রানে হারিয়েছে তারা। আফগানিস্তানের করা ১২৯ রানের জবাবে জাপানের ইনিংস থেমেছে ৮১ রানে।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খুব একটা স্বচ্ছন্দ ছিল না আফগানিস্তান। ধীরগতির ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে দলটি। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম।

রান তাড়ায় জাপান অবশ্য একপর্যায়ে লড়াইয়ের আভাস দিয়েছিল। অষ্টম ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের স্কোর ছিল ৫৩ রান। এরপর আফগান স্পিনারদের সামনে দ্রুত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮১ রানে অলআউট হয় জাপান। তাদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস।

আফগানিস্তানের জয়ের অন্যতম প্রধান অবদান আরব গুলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া ডানহাতি এই স্পিনার ৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। আরেক বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খান ১৯ রানে শিকার করেন ৩ উইকেট।

জাপানকে হারিয়ে ‘এ’ গ্রুপে পূর্ণ দুই পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। এই গ্রুপের অপর দল নেপাল। গ্রুপ পর্বে আফগানিস্তান ও জাপান—দুই দলকেই নেপালের বিপক্ষে একটি করে ম্যাচ খেলতে হবে।

গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে। ফলে পরের ম্যাচগুলোতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য থাকবে তিন দলেরই।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!