সুনামগঞ্জ জেলার মানচিত্র। ছবি: সংগৃহীত
জেলার দোয়ারাবাজার উপজেলায় ধানক্ষেতে গরু চরানোকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জহুর উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। শুক্রবার (০১ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার বেলাল উদ্দিন তার গরু দিয়ে জহুর উদ্দিনের ধানক্ষেতের ফসল খাওয়ান। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে জহুর উদ্দিন জমিতে গিয়ে প্রতিবাদ করলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে বেলাল উদ্দিন সেখান থেকে সরে গিয়ে নিজ বাড়িতে ফিরে যান।
এর কিছুক্ষণ পর জহুর উদ্দিন বাড়ির পথে রওনা দিলে অভিযুক্তের বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জ হত্যাকাণ্ড দোয়ারাবাজার সংঘর্ষ গরু চরানো বিরোধ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!