যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

ঝালকাঠিতে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ PM

৩৫
ঝালকাঠিতে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মানববন্ধন

ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে দীর্ঘ সময় ধরে চলা ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও সেবার মান নিয়ে অসন্তোষের প্রতিবাদে রোববার (২৮ জুন) স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি’। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহ ধরে জেলায় দিনে ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি, প্রশাসনিক অনিয়ম এবং অস্বাভাবিক বা অতিরিক্ত বিলের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

মানববন্ধন থেকে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ অফিসের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা এবং গ্রাহক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিদ্যুৎ ঝালকাঠি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!