ছবি: সংগৃহীত
উজান ও দেশের বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে আবারও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি আরও বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় অস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সন্ধ্যা ৬টায় পানি ছিল বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে এবং সকাল ৬টায় ছিল বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
নদীর প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারতের উজান এলাকায় এবং দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে নদীতে পানির প্রবাহ দ্রুত বেড়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নদীতীরবর্তী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
Tista river water
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!